যথাযোগ্য মর্যাদায় ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং জানুয়ারি ২০২৬-এর প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মিলব্যারাক পুলিশ লাইন্সে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এতে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার সদস্যদের ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত নানা সমস্যা আন্তরিকতার সঙ্গে শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে কয়েকটি সমস্যার সমাধান করেন এবং অবশিষ্ট বিষয় দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় অবসরপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। এ আয়োজনে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খায়রুল আলম।
পরে অনুষ্ঠিত মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় গত মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা করা হয়। ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে কার্যকর নির্দেশনা দেওয়া হয়। জেলার অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কয়েকজন দক্ষ কর্মকর্তাকে স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়।


