29.8 C
Chittagong
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসুসংবাদস্মার্ট পর্যটন ও এআই: বাংলাদেশের সম্ভাবনার নতুন রূপরেখা

বিশ্ব পর্যটন দিবস ২০২৬

স্মার্ট পর্যটন ও এআই: বাংলাদেশের সম্ভাবনার নতুন রূপরেখা

মোহাম্মদ সিরাজুল ইসলাম

“পর্যটনকে নতুন রূপ দিতে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা”—২০২৬ সালের বিশ্ব পর্যটন দিবসের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক পর্যটন দিবস (World Tourism Day) উদযাপিত হতে যাচ্ছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত আশাব্যঞ্জক। বাংলাদেশের মতো একটি পর্যটন সম্ভাবনাকে যথাযথ কাজে লাগানোর মাঝে নিহিত আছে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক উন্নয়ন। জাতিসংঘের পর্যটন সংস্থার (UNWTO) উদ্যোগে পালিত এই দিবসের মূল উদ্দেশ্য হলো—অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিনিময় এবং পরিবেশ সংরক্ষণে পর্যটনের অবদান সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা, যাতে যে সকল দেশের পর্যটন সম্ভাবনা রয়েছে তা কাজে লাগিয়ে সার্বিক কল্যাণ সাধন করা যায়।

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বাস্তব প্রেক্ষাপটে পর্যটন শুধু কেবল ভ্রমণ ও বিনোদনের মাধ্যম নয়; এটি একটি শক্তিশালী অর্থনৈতিক খাত, যা কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং পারস্পরিক আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহযোগিতা করছে।

আমাদের প্রিয় বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক অবস্থান, উপভোগ্য সমৃদ্ধ সংস্কৃতি এবং বৈচিত্র্যময় পরিবেশের এক অপূর্ব মেলবন্ধন রয়েছে। অপরূপ বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, সেন্টমার্টিন দ্বীপ, সিলেটের চা-বাগান, পার্বত্য চট্টগ্রামের মনোরম ও উপভোগ্য উঁচু-নিচু পাহাড়ি অঞ্চল এবং অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করছে। এসব অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যটন বাজারে একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে বলে বিশ্বাস।

আন্তর্জাতিক পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ সরকার পর্যটন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের সমন্বয়ে দেশব্যাপী র‍্যালি, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সচেতনতামূলক প্রচারণার আয়োজন করা হয়েছে। পর্যটন বিষয়ক গবেষণা, তরুণদের সম্পৃক্তকরণ এবং পর্যটন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য বিশেষ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

বর্তমান সরকার দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন এবং পার্বত্য চট্টগ্রামে সড়ক যোগাযোগ, আবাসন সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটক সেবার মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে “Beautiful Bangladesh” ব্র্যান্ডিং কার্যক্রম জোরদার করা হয়েছে। ডিজিটাল প্রচারণা, অনলাইন তথ্যসেবা এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচার পর্যটন শিল্পকে নতুন মাত্রা প্রদান করছে।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পর্যটনকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে অনেক মানসম্মত ও টেকসই পরিকল্পনা হাতে নিয়েছেন যা প্রশংসনীয়। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ৮ এপ্রিল ২০২৬ পর্যটন উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত বক্তব্যের তাৎপর্যপূর্ণ দিকসমূহ:

১. পর্যটন বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। ২. পর্যটন খাতের উন্নয়নের জন্য সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করছে। ৩. পর্যটন সংশ্লিষ্ট পাঁচটি অগ্রাধিকার বিষয় নির্ধারণ করা হয়েছে: ক. পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা ও পর্যটনবান্ধব নীতি প্রণয়ন। খ. ট্যুর গাইড প্রশিক্ষণ ও উন্নয়ন। গ. রন্ধনশৈলী পর্যটনের প্রসার। ঘ. কমিউনিটি ট্যুরিজম, এথনিক ট্যুরিজম ও ওয়াটার ট্যুরিজম উন্নয়ন। ঙ. ইকো-ট্যুরিজম ও গ্রাম পর্যটনের বিকাশ। ৪. জাতীয় পর্যটন মহাপরিকল্পনার খসড়া তৈরি করা হয়েছে। ৫. এই পরিকল্পনায় পর্যটন আইন, নীতিমালা, পর্যটন ক্লাস্টার, স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ, উপকূলীয় পর্যটন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া সরকারের পরিকল্পনায় রয়েছে বড় ধরনের পরিবর্তনের ইচ্ছা, যা দেশের অর্থনীতির চালিকাশক্তিকে আমূল পরিবর্তন করে দিতে পারে। সে সকল বিষয়গুলো হচ্ছে:

১. পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি। ২. সরকার পর্যটনকে শুধু বিনোদন খাত হিসেবে নয়, বরং অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যম হিসেবে দেখছে। ৩. দেশের ১,৪৯৮টি পর্যটন আকর্ষণকে উন্নয়ন ও প্রচারের জন্য সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ৪. ইকো-ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ধর্মীয় পর্যটন এবং ঐতিহ্যভিত্তিক পর্যটনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ৫. পর্যটন খাতের জিডিপিতে অবদান ৩ শতাংশ থেকে ভবিষ্যতে ৮ থেকে ৯ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। ৬. পর্যটন অবকাঠামো উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেল ব্যবহারের পরিকল্পনা রয়েছে।সময়ের পরিক্রমায় সরকার কর্তৃক পরিকল্পনা বাস্তবায়িত হোক—এটাই বর্তমান দেশের মানুষের ইচ্ছা ও প্রত্যাশা।

বাংলাদেশের পর্যটন উন্নয়নের আরেকটি অন্যতম বিশেষ সম্ভাবনাময় ক্ষেত্র হলো পার্বত্য চট্টগ্রাম। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় নৃগোষ্ঠীর সংস্কৃতি, পাহাড়, ঝরনা, হ্রদ এবং বনভূমি দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। তবে এই অঞ্চলের পর্যটন উন্নয়ন অবশ্যই পরিবেশবান্ধব এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক হতে হবে। টেকসই ইকো-ট্যুরিজমের মাধ্যমে স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।

আন্তর্জাতিক পর্যটন দিবসের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো পর্যটনের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। পর্যটন শিল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। হোটেল, মোটেল, রেস্তোরাঁ, পরিবহন, হস্তশিল্প, ট্যুর অপারেটর এবং ক্ষুদ্র উদ্যোক্তারা এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত। পর্যটন খাতের বিকাশের ফলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয় এবং আঞ্চলিক বৈষম্য হ্রাস পায়।

পর্যটন সাংস্কৃতিক বিনিময় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষ পরস্পরের জীবনধারা, ঐতিহ্য এবং মূল্যবোধ সম্পর্কে জানতে পারে। এর ফলে আন্তর্জাতিক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক প্রভাব পড়ে। একই সঙ্গে পর্যটন স্থানীয় সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং শিল্পকলার বিকাশেও সহায়তা করে।

বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত সংকট একটি বড় চ্যালেঞ্জ। তাই টেকসই পর্যটনের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য। আন্তর্জাতিক পর্যটন দিবস বাংলাদেশকে এই বিষয়গুলো সম্পর্কে নতুনভাবে ভাবতে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে উন্নত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বাংলাদেশের পর্যটন শিল্পের ভবিষ্যৎ বিকাশ অত্যন্ত সম্ভাবনাময়। কেবল উপযুক্ত পরিকল্পনা, আধুনিক অবকাঠামো, নিরাপদ পরিবেশ, দক্ষ মানবসম্পদ এবং কার্যকর প্রচারণার মাধ্যমে এই খাত জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হতে পারে। বিশেষ করে ইকো-ট্যুরিজম, কমিউনিটি-বেসড ট্যুরিজম এবং সাংস্কৃতিক পর্যটনের উন্নয়ন দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম বলে অনেক সমীক্ষায় প্রমাণিত।

একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সঙ্গে পর্যটন গভীরভাবে সম্পর্কিত: ১. অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা ২. কর্মসংস্থান সৃষ্টি ৩. সাংস্কৃতিক বিনিময় ও সম্প্রীতি ৪. পরিবেশ সংরক্ষণে সচেতনতা ৫. আঞ্চলিক উন্নয়ন

আন্তর্জাতিক পর্যটন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে: ১. জাতীয় পর্যায়ে র‍্যালি, আলোচনা সভা ও সেমিনার আয়োজন ২. পর্যটন সপ্তাহ ও পর্যটন মাস পালন ৩. ডিজিটাল পর্যটন প্রচারণা জোরদারকরণ ৪. পর্যটন অবকাঠামো উন্নয়ন ৫. টেকসই ও পরিবেশবান্ধব পর্যটনের প্রসার ৬. তরুণ উদ্যোক্তা ও স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধি

তা সত্ত্বেও বাংলাদেশের পর্যটন খাতের অগ্রযাত্রায় কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • পর্যাপ্ত অবকাঠামোর অভাব
  • আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর ব্র্যান্ডিংয়ের সীমাবদ্ধতা
  • দক্ষ মানবসম্পদের ঘাটতি
  • পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা
  • নিরাপত্তা ও সেবার মান উন্নয়নের প্রয়োজন
  • টেকসই পর্যটন ব্যবস্থাপনার অভাব
  • ইকো-ট্যুরিজমভিত্তিক পর্যটন ব্যবস্থার অভাব

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, বেসরকারি খাত, গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বলা বাহুল্য যে, আন্তর্জাতিক পর্যটন দিবস শুধু একটি উদযাপন নয়; এটি বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপকল্প নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং জনগণের সচেতন প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ বিশ্ব পর্যটন মানচিত্রে আরও শক্তিশালী অবস্থান অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা।

দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি এবং আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নয়নের জন্য পর্যটন খাতকে আরও গুরুত্ব দেওয়া সময়ের দাবি। টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশবান্ধব পর্যটনের মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই হোক আন্তর্জাতিক পর্যটন দিবস ২০২৬-এর মূল অঙ্গীকার।

লেখক:  মোহাম্মদ সিরাজুল ইসলাম

বিভাগীয় প্রধান, ব্যবসায়ী প্রশাসন বিভাগ-চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ

(লেখক ও গবেষক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ইকো-ট্যুরিজম)