সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুজন বিচারপতি সংবিধান-এর ৯৬ অনুচ্ছেদ ৮ ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরিত পত্রে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এর আগে, ২ ফেব্রুয়ারি এক বছর ছুটিতে থাকা বিচারপতি মামনুন রহমান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। তিনি পদত্যাগপত্রটি কানাডা থেকে রাষ্ট্রপতি বরাবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পাঠান।
অন্যদিকে, ৯ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বিচারপতি নাইমা হায়দার ৫ ফেব্রুয়ারি স্বহস্তে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে পদত্যাগের ইচ্ছা পোষণ করেন এবং প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তা জমা দেন।

