সাবেক ডাকসু ভিপি ও ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, দেশে জনগণের সরকার সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কেরানীগঞ্জ সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও ভূমি দখলমুক্ত হবে।
আমানউল্লাহ আমান বলেন, “জনগণ যেই প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করব। ভবিষ্যতের কথা চিন্তা করে পরিকল্পিতভাবে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে রাস্তার দুই পাশে অন্তত ১০ ফুট করে জায়গা খালি রেখে ওয়াল-বাড়ি নির্মাণ করতে হবে। এতে ভূমি মালিকরাই উপকৃত হবেন।”
তিনি আরও বলেন, শিশুদের জন্য খেলার মাঠ নির্মাণ, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, সড়কে ল্যাম্প পোস্ট স্থাপন ও ম্যানহোলের ঢাকনা লাগানো প্রয়োজন। ছোট-বড় ব্রিজের রেলিং ৩ মাসের মধ্যে মেরামত এবং যানজট নিরসনে গুরুত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেওয়া হবে। কেরানীগঞ্জে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।
মাদক বিক্রেতা ও সেবনকারীদের কঠোরভাবে দমন করা হবে। প্রয়োজনে অভিযানে তিনি নিজে উপস্থিত থাকবেন। এছাড়া কেরানীগঞ্জে কোনো ভূমি দখল চলবে না বলেও সংসদ সদস্য জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা সভায় উপস্থিত ছিলেন।

