চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির ভৌত অবকাঠামো, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়ন বিষয়ে বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় নগরের জিইসি মোড় এলাকার ক্যাম্পাসে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র (প্রশাসক) ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শাহাদাত হোসেন। সমাপনী বক্তব্যে তিনি সভায় গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সভায় বিগত বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অডিট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এবং সিটি করপোরেশনের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সেখ ফজলে রাব্বি। এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার অনলাইনে যুক্ত হয়ে সভায় অংশ নেন। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনিরও উপস্থিত ছিলেন।

