জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানা-এর মা-হারা একটি বাচ্চা বানরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায়, ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে—যেন সেটাই তার একমাত্র আশ্রয়। হৃদয়ছোঁয়া এই দৃশ্য নেটিজেনদের আবেগাপ্লুত করেছে।
ভিডিওটি নাড়িয়ে দিয়েছে মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুল-কেও। তবে অসহায় প্রাণীর এই গল্পকে ঘিরে কিছু ব্র্যান্ডের প্রচারণামূলক তৎপরতায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
এক ফেসবুক পোস্টে পিয়া লিখেছেন, ভিডিওটি দেখে খারাপ না লেগে পারে না। তার ভাষ্য, একটি ছোট প্রাণী শুধু একটু আদর খুঁজছে। কিন্তু পরে তিনি লক্ষ্য করেন, অনেক ব্র্যান্ড বানরটির নাম ট্যাগ করে নিজেদের পণ্যের সঙ্গে গল্পটি জুড়ে দিচ্ছে।
অসহায় প্রাণীর কষ্টকে ‘কনটেন্ট’ বানানোর প্রবণতার সমালোচনা করে পিয়া বলেন, আবেগঘন ভাষা ব্যবহার করে মার্কেটিং করা হচ্ছে। তার মতে, একটি বাচ্চা প্রাণীর কষ্টকেও এখন কনটেন্টে পরিণত করা হচ্ছে, যা অত্যন্ত স্বার্থপর আচরণ।
পবিত্র রমজানের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, মানুষ রোজা রেখে ক্ষুধার কষ্ট উপলব্ধি করতে পারে। ইফতারের আগে পেটের যে কষ্ট অনুভূত হয়, সেটি মনে করলেই বোঝা যায়—রাস্তায় থাকা প্রাণীগুলো প্রতিদিন না খেয়ে থাকলে তাদের কেমন লাগে।
সবশেষে ভক্তদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান পিয়া। তিনি অনুরোধ করেন, এই রমজানে শুধু ইবাদতেই সীমাবদ্ধ না থেকে অসহায় প্রাণীদের প্রতিও দায়িত্ববোধ দেখাতে। সম্ভব হলে তাদের খাবার দেওয়া এবং খোঁজখবর রাখার আহ্বান জানান তিনি।


