27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ২০০ , ভারতে ৫০

পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ২০০ , ভারতে ৫০

সুসংবাদ ডেস্ক

পাকিস্তান ও ভারতের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় প্রাণহানির মর্মান্তিক খবর মিলেছে। পাকিস্তানে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে, আর ভারতের জম্মু-কাশ্মীরে প্রাণ গেছে অন্তত ৫০ জনের।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখোয়া

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজাউর ও বাটগ্রাম এলাকায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে।
স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, বুনের জেলার গাডেজি তহশিলেই মারা গেছেন ১২০ জন।
চাঘারজাইয়ে একটি ভবন ধসে একই পরিবারের ২২ সদস্য মারা গেছেন।

দুর্যোগ মোকাবেলা সংস্থা জানায়, শুধুমাত্র খাইবার পাখতুনখোয়াতেই গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৮৯ জন। মৃতদের মধ্যে ১৬৩ জন পুরুষ, ১৪ জন নারী ও ১২ শিশু রয়েছেন।

ত্রাণ হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৫ জনের

বিপর্যস্ত এলাকায় ত্রাণ পাঠানোর সময় খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর ব্যবহৃত একটি এমআই-১৭ হেলিকপ্টার বাজাউরের সালারজাইয়ে ভেঙে পড়ে।
খারাপ আবহাওয়ায় পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে দুই পাইলটসহ পাঁচজন নিহত হন। উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী ও জরুরি সেবা কর্মীরা।

কাশ্মীরেও ধ্বংসের ছাপ

ভারতের জম্মু-কাশ্মীরের কিশতোয়ার জেলায় মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস হয়েছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন শতাধিক।
বিপর্যয় মোকাবেলায় সেনাবাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

আটকে পড়েছেন শত শত পর্যটক

পাক-শাসিত কাশ্মীরের নীলম ও ঝিলম উপত্যকায় ৫০০ এর বেশি পর্যটক আটকে পড়েছেন। ভূমিধস ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাদের উদ্ধারে বিশেষ হেলিকপ্টার ও বাহিনী মোতায়েনের প্রস্তুতি চলছে।

উচ্চপর্যায়ের বৈঠক, ‘বিপর্যস্ত এলাকা’ ঘোষণা আসছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করেছেন। খাইবার পাখতুনখোয়াকে ‘বিপর্যস্ত এলাকা’ হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে।

সূত্র: বিবিসি