সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল এলাকায় অগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ যেকোনো অবৈধ বস্তু বহনে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
গত বৃহস্পতিবার এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।
কেন এই পদক্ষেপ?
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তর ও একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। এখানে প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা বিচারকার্য পরিচালনা করেন। ফলে আদালত চত্বরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।তবে সাম্প্রতিক সময়ে কিছু বিচারপ্রার্থী ও মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি আদালতে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ে প্রবেশ করছেন, যা আদালতের শান্তিপূর্ণ পরিবেশ, বিচারকার্য এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে।
কারা পড়বেন নিষেধাজ্ঞার আওতায়?
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত যারা বৈধ লাইসেন্সধারী, তারাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চত্বরে কোনোভাবেই আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন করা যাবে না।
আইন ভাঙলেই ব্যবস্থা
নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনসহ অন্যান্য প্রযোজ্য আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

