20.9 C
Chittagong
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যবৃষ্টির থাবায় পুড়ছে পকেট, ৮০-১০০ টাকার নিচে নেই কোনো সবজি

বৃষ্টির থাবায় পুড়ছে পকেট, ৮০-১০০ টাকার নিচে নেই কোনো সবজি

সুসংবাদ ডেস্ক

টানা বৃষ্টির রেশ পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সবজির বাজারে যেন আগুন লেগেছে! ৮০-১০০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। এতে দিশেহারা সাধারণ মানুষ, বিশেষ করে স্থির ও নিম্ন আয়ের পরিবারগুলো। শুক্রবার রাজধানীর মিরপুর, কলাবাগান, শ্যামবাজার, নতুন বাজারসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে হু হু করে।

দামে আগুন সবজিতে

লম্বা শিম ৮০-১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, পটল ৯০ টাকা, ঝিঙা ও ধুন্দুল ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। টমেটো তো আরও চমকে দিচ্ছে—প্রতি কেজি ১৮০ টাকা!

বেগুনের কেজি ২০০ টাকা, কাঁচা মরিচ ২৮০ টাকা, গাজর ১৬০ টাকা, ঢেঁড়স ৯০ টাকা, শসা ১০০ টাকা! এমনকি মিষ্টি কুমড়াও বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

 মসলা পণ্যেও চড়া দাম

স্থানীয় পেঁয়াজ এখন ৮৫-৯০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগেও ছিল ৫৫-৬০ টাকা।
আদা ১৮০-২৮০ টাকা, রসুন ১৬০-২০০ টাকা।

ডিমের খাঁচাতেও মূল্যবৃদ্ধি

ফার্মের ডিম ডজনপ্রতি ১৩৫-১৪০ টাকা। হাঁসের ডিম ২৪০ টাকা!

মাংস-মাছে স্বাদ-সীমা পেরোনো দামে

গরুর মাংস কেজি ৭৪০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা। দেশি মুরগি কেজি ৬০০-৬২০ টাকা, ব্রয়লার ১৭০-১৮০ টাকা, আর সোনালি মুরগি ৩২০-৩৩০ টাকা। মাছের বাজারেও চড়া দাম। বড় ইলিশ কেজি ২৪০০-২৫০০ টাকা, ছোট ইলিশ ১৫০০-১৮০০ টাকা।
রূপচাঁদা, বোয়াল, শিং, রুই, কাতলা—সবকিছুর দামই সাধারণ ক্রেতার নাগালের বাইরে।

ক্রেতার আক্ষেপ

মিরপুর-৬ বাজারে সবজি কিনতে আসা এক ক্রেতা বলেন,“সব কিছুর দাম বাড়ছে, কিন্তু আয় তো বাড়ে না। হাজার টাকা নিয়ে এলেও কিছুই কেনা যায় না।” আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটু বৃষ্টি হলেই দাম আকাশছোঁয়া! মনে হয় ইচ্ছে করেই এই সময়টায় দাম বাড়ানো হয়।”

আবহাওয়ার অজুহাতে কারসাজির অভিযোগ

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে ফসল উৎপাদন ও পরিবহন দুটোতেই ব্যাঘাত ঘটছে। ফলে সরবরাহ কমেছে, আর তারই প্রভাব পড়েছে দামে। তবে ক্রেতাদের অভিযোগ—এ যেন কারসাজির সুযোগ নিচ্ছে এক শ্রেণির ব্যবসায়ী।