20.9 C
Chittagong
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাভারতে আসছেন মেসি, সফর শুরু কলকাতা থেকে

ভারতে আসছেন মেসি, সফর শুরু কলকাতা থেকে

সুসংবাদ ডেস্ক

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির বহুপ্রতীক্ষিত ভারত সফরের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। আগামী ১২ ডিসেম্বর কলকাতা দিয়ে শুরু হবে এই ফুটবল গ্রহের সম্রাটের সফর। এক দশকেরও বেশি সময় পর মেসির ভারত আগমন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বইছে উন্মাদনার ঝড়।

সফরের আয়োজক সতদ্রু দত্ত নিশ্চিত করেছেন, ১২ ডিসেম্বর রাতেই কলকাতায় পা রাখবেন মেসি। এরপর রাজধানী দিল্লি, অর্থনৈতিক নগরী মুম্বাই এবং গুজরাটের আহমেদাবাদ ঘুরে ১৫ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে এই সফরের পর্দা নামবে।

 স্মৃতির শহরে ফের মেসি

২০১১ সালে শেষবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মেসি। ১৩ বছর পর ফিরছেন সেই শহরে, তবে এবার ভিন্ন উপলক্ষে।

কলকাতায় থাকবেন ১২ ও ১৩ ডিসেম্বর। তাজ বেঙ্গলে হবে ‘মিট অ্যান্ড গ্রীট’। থাকছে চায়ের উৎসব, যেখানে ভারতীয় আসাম চা আর আর্জেন্টাইন মাতে চায়ের মেলবন্ধন। ইলিশ, ভাপা চিংড়ি, সন্দেশ ও চমচমের মতো বাঙালি খাবারের সঙ্গে আর্জেন্টিনার রান্নার ফিউশন তৈরি করবে অনন্য এক আবহ।

 ‘GOAT কাপ’ ও ‘GOAT কনসার্ট’

কলকাতা, মুম্বাই ও দিল্লি—তিন শহরেই আয়োজন করা হচ্ছে ‘GOAT কাপ’ ও ‘GOAT কনসার্ট’। কলকাতায় সৌরভ গাঙ্গুলী, লিয়েন্ডার পেজ, ভাইচুং ভুটিয়া ও জন আব্রাহামের সঙ্গে একটি সাতজনের প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন মেসি।

মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর হবে আরও একটি মিট অ্যান্ড গ্রীট। এরপর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘GOAT কনসার্ট’। এই সফরে মেসিকে দেখা যেতে পারে প্যাডেল টেনিসেও—যেখানে তার সঙ্গী হতে পারেন বলিউড বাদশা শাহরুখ খান ও টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

শেষ দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৫ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন লিওনেল মেসি। এরপর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সফরের শেষ ‘GOAT কনসার্ট’ ও ম্যাচ। সেখানে উপস্থিত থাকতে পারেন বিরাট কোহলি ও শুবমান গিলের মতো তারকারা।

ঘোষণা আসছে পোস্টারে

আগামী ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে মেসি নিজেই সোশ্যাল মিডিয়ায় সফরের অফিসিয়াল পোস্টার ও বিস্তারিত কর্মসূচি প্রকাশ করবেন বলে জানান আয়োজক সতদ্রু দত্ত।