24.6 C
Chittagong
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদরাজনীতিড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার হুঁশিয়ারি মোহসিন রশীদের

ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার হুঁশিয়ারি মোহসিন রশীদের

সুসংবাদ ডেস্ক

দেশের রাজনীতি ও সংবিধানকে ঘিরে নতুন উত্তেজনার সৃষ্টি হলো সোমবার। বাংলাদেশ মুসলিম লীগ সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ ঘোষণা দিয়েছেন, সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করবেন।‘মানচিত্র’ ইউটিউব চ্যানেলে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না-র সঙ্গে আলোচনায় মোহসিন রশীদ বলেন, “ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পৌঁছেছে। বর্তমান সরকার যদি পদক্ষেপ না নেয়, আমি নিজেই আইনগত ব্যবস্থা নেব।”

মোহসিন রশীদ বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য থাকাকালীন সময়ে রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। “রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্তের আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, এটি ইটস ট্রিজন।”

তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতিকে ভয়-ভীতি দেখিয়ে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে এবং নথি স্বাক্ষরের জন্য বাধ্য করা হয়েছে। “রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থা তৈরি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক। তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্নের শামিল।”

সাবেক উপদেষ্টা ‘চোর’ আখ্যা এবং অনুসন্ধানের দাবি

রশীদ বলেন, “একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে ‘চোর’ আখ্যা দিয়েছেন—যার হাতে শপথ নিয়েছেন তাকেই চোর বলা হয়েছে।” তিনি উল্লেখ করেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও, এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা—এসব কর্মকাণ্ড রাষ্ট্রীয় শিষ্টাচারবিরোধী।

মোহসিন রশীদ বলেন, “ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কি না, তা তদন্ত কমিটি বা কমিশনের মাধ্যমে খতিয়ে দেখা উচিত। উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্ত দাবি করছি। রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়; ক্ষতি হয়েছে কি না তা নিরপেক্ষভাবে যাচাই করতে হবে।”

সংবিধান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সতর্কতা

তিনি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জের প্রসঙ্গও তুলে ধরেন। “আদালতে আবেদন করেছি, সার্টিফায়েড কপি হাতে পেলেই রিভিউ করব। ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।”

মোহসিন রশীদ স্পষ্ট জানিয়ে দেন, সরকার যদি কোনো ইনকোয়ারি কমিটি গঠন না করে, “আমি নিজেই নোটিশ দিয়ে মামলা করব এবং ইউনূসকে পক্ষভুক্ত করব। আগেও করেছি, আবারও করব।” রাজনীতির এই নতুন ঝাঁঝালো মোড় দেশের সংবিধান ও রাষ্ট্রীয় শিষ্টাচারের প্রশ্নে নতুন বিতর্কের জারি রেখেছে।