ভারতীয় ব্যাটার জেমিমাহ রদ্রিগেজের ব্যাটে ভর করে ইতিহাস গড়েছে ভারত নারী ক্রিকেট দল। নারী বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অপরাজিত ১২৭ রানের ইনিংসে রেকর্ড ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করে জয় পায় ভারত।এই জয়েই তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে হারমানপ্রীত কৌর–স্মৃতি মান্ধানাদের দল। অসাধারণ সেই ইনিংসের পর প্রশংসায় ভাসছেন জেমিমাহ। বিরাট কোহলি ও শুবমান গিলসহ অসংখ্য ক্রিকেট তারকা প্রশংসা জানিয়েছেন তার ব্যাটিংয়ের। সেই ধারায় প্রশংসা জানিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তারও।
ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় মারুফা লিখেছেন,“জেমি দিদি, তুমি অসাধারণ এক খেলা উপহার দিয়েছো। সত্যি বলতে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সব সময় তোমার জন্য প্রার্থনা করব। প্রার্থনা করি, দলকে নেতৃত্ব দিয়ে সামনে নিয়ে যাও এবং আরও বড় সাফল্য অর্জন করো। ফাইনালের জন্য আমার শুভেচ্ছা ও প্রার্থনা রইল।”
মারুফার এমন প্রশংসার উত্তরে আন্তরিকভাবে জবাব দিয়েছেন জেমিমাহ।
তিনি লিখেছেন,“ধন্যবাদ মারুফা! তুমি নিজেই একটি অনুপ্রেরণা। তুমি যা করেছ, তা বাংলাদেশ ও সারাবিশ্বের মেয়েদের জন্য অনুপ্রেরণাদায়ক।”
একজন বাংলাদেশি তরুণীর কাছ থেকে পাওয়া এমন শুভেচ্ছা ও সম্মান ভারতীয় ব্যাটারকে যেমন ছুঁয়ে গেছে, তেমনি ক্রিকেট–বিশ্বেও দারুণ এক বন্ধুত্বপূর্ণ উদাহরণ তৈরি করেছে এই দুই ক্রিকেটারের পারস্পরিক শ্রদ্ধা।

