অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রমজানের আগেই ভোট শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মঙ্গলবার (ওয়াশিংটন সময় সন্ধ্যায়) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে আলাপকালে তিনি এ কথা জানান। বাসস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ড. ইউনূস বলেন, “সময়সীমার মধ্যেই একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।” তিনি আরও জানান, নির্বাচন শেষেই তিনি তার আগের পেশাগত জীবনে ফিরে যাবেন।
আলোচনায় আইএমএফ প্রধান ড. ইউনূসের নেতৃত্বে দেশের অর্থনীতির অগ্রগতির প্রশংসা করে বলেন, “আপনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।”
প্রধান উপদেষ্টা জানান, তার সরকার এরই মধ্যে ব্যাংকিং খাত সংস্কার ও রাজস্ব আদায় জোরদারে পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “আমরা এক বিধ্বস্ত অর্থনীতি পেয়েছিলাম। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে ব্যাগভর্তি টাকা নিয়ে পালিয়ে গেছে।”
আইএমএফ প্রধান বলেন, “বাংলাদেশ এখন যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তাতে সাহসী আর কার্যকর সংস্কার ছাড়া সামনে এগোনো সম্ভব নয়।”
আলোচনাকালে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

