18.6 C
Chittagong
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়‘কিছু আসনের লোভে পিআর চাইলে ভয়ংকর পরিণতি ডেকে আনবে’

‘কিছু আসনের লোভে পিআর চাইলে ভয়ংকর পরিণতি ডেকে আনবে’

সুসংবাদ ডেস্ক

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কিছু আসনের লোভে কেউ যদি পিআর পদ্ধতির পক্ষে যায়, তা হলে তা জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি ডেকে আনবে।’

মঙ্গলবার রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, ‘প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত করা একটি গ্রহণযোগ্য ও পরীক্ষিত পদ্ধতি। এর বাইরে গিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য কেউ পিআর পদ্ধতির দাবি তুললে সেটা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।’

‘রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বিএনপি’

ঐকমত্য কমিশনের প্রস্তাবে নিম্নকক্ষে পিআর পদ্ধতির কোনো সুপারিশ নেই—এই প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘যারা রাজনৈতিক উদ্দেশ্যে পিআর পদ্ধতি সামনে এনে নতুন করে আন্দোলন করতে চায়, তাদের বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।’

দল নিষিদ্ধের দাবির বিরোধিতা

জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবি নিয়ে সম্প্রতি আলোচনার মধ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রবণতা ভবিষ্যতে ভয়ংকর দৃষ্টান্ত তৈরি করবে। তখন আন্দোলনের সুযোগে একের পর এক দল নিষিদ্ধ করার সংস্কৃতি তৈরি হতে পারে। এতে রাজনৈতিক ঐক্য নষ্ট হবে, চাপে পড়বে গণতন্ত্র।’

তিনি বলেন, ‘নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা নয়, বরং নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত হওয়া উচিত।’

অস্থিতিশীলতা তৈরি হতে পারে

সালাহউদ্দিন আহমদ আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘যদি সঠিক সময়ে গ্রহণযোগ্য নির্বাচন না হয় এবং জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠিত না হয়, তাহলে কেবল জাতীয় নিরাপত্তা নয়, আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।’

সংবিধান সংশোধনের প্রসঙ্গে তিনি বলেন, ‘যেকোনো পরিবর্তন সাংবিধানিক প্রক্রিয়ায় হওয়া উচিত। বিএনপি সে পথে চলবে। তবে কোনো অবস্থাতেই এমন কোনো প্রক্রিয়া সমর্থনযোগ্য নয়, যা ভবিষ্যতে দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’

আলোচনার মাধ্যমে সব সংকটের সমাধান সম্ভব—এমন মন্তব্য করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বিকল্প পথ নয়, আলোচনার পথেই সমাধান খুঁজে নিতে হবে।’