তরুণ আইন শিক্ষার্থীদের জন্য যুক্তি, ভাষা ও আত্মপ্রকাশের দক্ষতা প্রদর্শনের এক অনন্য সুযোগ এনে দিচ্ছে ‘নিলস সিইউ পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৫’। আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী এই বক্তৃতা প্রতিযোগিতা।
আন্তর্জাতিক শিক্ষার্থী সংগঠন দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস)-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার এ আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪, বাংলাদেশ। আয়োজকেরা বলছেন, প্রতিযোগিতাটি কেবল বক্তৃতা নয়, বরং ভবিষ্যৎ আইনজীবীদের জন্য বাস্তবমুখী প্রস্তুতির একটি ক্ষেত্র। শনিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে চলবে এ আয়োজন।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. এম শামীম উদ্দিন খান, আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক এ বি এম আবু নোমান এবং দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ।
বিশিষ্ট অতিথি থাকবেন অ্যাডভোকেট মোকাররম হোসেন।
আইন অনুষদের শিক্ষার্থীদের মতে, এ ধরনের উদ্যোগ তাদের যুক্তি বিশ্লেষণ, জনসম্মুখে কথা বলার দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজ ও আইনজগতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রেও এ আয়োজন একটি ইতিবাচক উদাহরণ।

