চট্টগ্রামের বায়েজিদ থানাধীন কুলগাঁও এলাকায় একটি জমি নিয়ে বিরোধের জেরে দোকান ভাড়াটিয়াকে অপহরণের মতো করে ডেকে নিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জমি দখলের চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগী মালিক।
অভিযোগকারী হাজী মো. আবুল খায়ের (৬৫) জানান, কুলগাঁও মৌজার বিএস খতিয়ান নং ৬৬৭১, দাগ নং ৬৯০৫ এর অধীনে তাঁর মালিকানাধীন প্রায় ২ শতক জমিতে কয়েকটি দোকান নির্মিত আছে। সেই দোকানগুলো তিনি ভাড়া দিয়ে আসছেন। সম্প্রতি কিছু ব্যক্তি ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন বলে তিনি দাবি করেন।
আবুল খায়ের সুসংবাদকে বলেন, “এই জমি নিয়ে আমি আদালতে মামলা করেছি। আদালত গত ৩০ জুলাই জমিতে নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু তারপরও তারা থামেনি। বরং এখন আমার দোকানের ভাড়াটিয়াদের ভয় দেখাচ্ছে।”
গত ১৬ আগস্ট বিকেলে তাঁর দোকানের এক ভাড়াটিয়া মো. রাসেলকে (৩১) ডেকে নিয়ে যাওয়া হয় টেনারী বটতলাস্থ চৌধুরী টাওয়ার এলাকায়। সেখানে রাসেলকে দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং মামলাটি তুলে নিতে মালিককে বলতে বলা হয়। অভিযোগ অনুযায়ী, দাবি না মানলে রাসেল ও তার মালিককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওই সময় ভুক্তভোগিদের বলেন, “বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
আবুল খায়ের অভিযোগে যাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাঁরা হলেন মো. শাহজাহান চৌধুরী (পিতা: লোকমান চৌধুরী), জসিম উদ্দিন (পিতা: হাজী মো. ইসলাম), মো. রফিক (পিতা: মৃত মো. শফি) এবং মো. গিয়াস উদ্দিন (পিতা: নুরুল আমিন)। এঁদের বিরুদ্ধে জমি নিয়ে প্রতারণা, ভাড়াটিয়াদের ভয় দেখানো ও সমাজে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের কেউ কেউ জানান, কুলগাঁও এলাকায় জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে। প্রশাসনের তদারকি ও দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তাঁদের আশঙ্কা।

