বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা আবু জাফর চৌধুরী। তিনি বলেন, “জাতীয় নির্বাচন বিলম্বিত করতেই বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। যারা এসব করছে, তারা দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারকে ভয় পায়।”
গত শনিবার বিকেলে রাউজান উপজেলার মুন্সিরঘাটা দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। আবু জাফর চৌধুরী আরও বলেন, “বিএনপি কোনও চাঁদাবাজি বা দখলবাজিকে প্রশ্রয় দেয় না। যারা দলের নাম ব্যবহার করে অপরাধ করে, তাদের কোনো স্থান বিএনপিতে নেই।”
জামায়াতে ইসলামি প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ তাদের চরিত্র বুঝে গেছে। তারা বিএনপিকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চায়। বিএনপি এমন রাজনৈতিক শক্তির হাতিয়ার নয়।”
তিনি দাবি করেন, “তারেক রহমানের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে, তা পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। জনগণ এর জবাব দেবে ব্যালটের মাধ্যমে।”
প্রতিবাদ সমাবেশ শেষে একটি মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজার, মধরমূলসহ বিভিন্ন এলাকা ঘুরে এসে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান সোহেল, সৈয়দ ওবায়দুল আকবর নোমান,স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক মো. আলী সুমন,জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, “জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। বিএনপি আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব মাঠেই দেওয়া হবে।”

