20.9 C
Chittagong
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতদিনদুপুরে ব্যবসায়ী লাল চাঁদকে পিটিয়ে হত্যা, যুবদল-ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার, বহিষ্কার ৪

পুরান ঢাকায় বর্বর হত্যাকাণ্ড

দিনদুপুরে ব্যবসায়ী লাল চাঁদকে পিটিয়ে হত্যা, যুবদল-ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার, বহিষ্কার ৪

সুসংবাদ ডেস্ক

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে দিনের আলোয় ভয়াবহ নির্মমতায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যা করা হয়েছে। হামলাকারীরা রড, লাঠি, ইট ও কংক্রিটের ব্লক দিয়ে শরীর থেঁতলে দেন। তাঁকে বিবস্ত্র করে মাথায় আঘাত চালিয়ে মৃত্যু নিশ্চিত করে রাস্তায় ফেলে আনন্দ-উল্লাস করে হামলাকারীরা।

বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন সড়কে জনসমক্ষে ঘটে এ নৃশংসতা। পুরো ঘটনাটি ধরা পড়ে আশপাশের সিসিটিভি ও মোবাইল ক্যামেরায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

নিহত লাল চাঁদ ভাঙারির ব্যবসা করতেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে চাঁদাবাজদের হুমকির মুখে ছিলেন তিনি। এর জেরে পূর্বপরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

ঘটনার পরদিন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এরই মধ্যে যুবদল নেতা পরিচয়ধারী মাহমুদুল হাসান ওরফে মহিন, তারেক রহমান ওরফে রবিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের ভাষ্য, চাঁদা না দেওয়ার কারণেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় লাল চাঁদকে। কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দলীয় পদ হারালেন চার নেতা

এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক অপরাধে অভিযুক্ত চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপির সহযোগী সংগঠনগুলো। বহিষ্কৃতরা হলেন—যুবদলের সাবেক সহসম্পাদক রজ্জব আলী পিন্টু, মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি, চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাস এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু।

বিএনপির শীর্ষ নেতারা এ ঘটনায় বিব্রত বলে দলীয় সূত্রে জানা গেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, ‘পৈশাচিক ও ন্যক্কারজনক এই ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হবে।’ তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান।

সাম্প্রদায়িক শঙ্কা ও সামাজিক প্রতিক্রিয়া

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন বাম ও ইসলামপন্থী রাজনৈতিক দল—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, সিপিবি, এবি পার্টি, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদসহ বহু সংগঠন পৃথকভাবে বিবৃতি ও কর্মসূচি ঘোষণা করেছে।

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়েও প্রতিবাদ মিছিল হয়। আজ আরও কয়েকটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে।

এজাহারে ঘটনার বিস্তারিত

এজাহারে লাল চাঁদের বোন উল্লেখ করেন, তাঁর ভাইকে ব্যবসা ও এলাকা দখলের উদ্দেশ্যে বারবার হুমকি দিত আসামিরা। হত্যার দিন সন্ধ্যায় ৩০-৩৫ জন মিলে তাঁর দোকানে হামলা চালায়। তাঁকে টেনে-হিঁচড়ে মিটফোর্ড হাসপাতালের ফটকের ভেতরে নিয়ে গিয়ে রড, দা, ব্লক, ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়।

পরে তাঁকে ড্রেন থেকে টেনে রাস্তায় এনে ফেলে দেয় হামলাকারীরা এবং উল্লাস করতে দেখা যায়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির ভিত্তিতে তদন্ত এগিয়ে চলছে।