27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজইকরার ফেসবুক আইডি উধাও, মুছে ফেলা হয়েছে চ্যাটিং

ইকরার ফেসবুক আইডি উধাও, মুছে ফেলা হয়েছে চ্যাটিং

সুসংবাদ ডেস্ক

অভিনেতা জাহের আলভী–এর সঙ্গে দাম্পত্য কলহের জেরে ‘আত্মহত্যা’ করেছেন তাঁর স্ত্রী আফরা ইবনাত খান ইকরা—এমন অভিযোগের মধ্যেই সামনে এসেছে নতুন বিতর্ক। ইকরার ব্যবহৃত ফেসবুক আইডি হ্যাক ও চ্যাট মুছে ফেলার দাবি তুলেছেন তাঁর ঘনিষ্ঠ বান্ধবীরা।

সোমবার দুপুরে ইকরার বন্ধুদের দাবি, তাঁর ফেসবুক অ্যাকাউন্টে অস্বাভাবিকতা দেখা গেছে। বান্ধবী সামিয়া আলম জানান, দুপুর ১টা পর্যন্ত আইডিটি সচল থাকলেও দেড়টার দিকে হঠাৎ করে পরিবর্তন চোখে পড়ে।

সামিয়ার ভাষ্য, তাঁদের তিন বান্ধবীর একটি চ্যাট গ্রুপ ছিল। সেখানে হঠাৎ দেখা যায়, ইকরার পাঠানো কথোপকথন মুছে গেছে। বিষয়টি নিয়ে অন্য বান্ধবীর সঙ্গে আলোচনা করে তাঁরা সন্দেহ করেন, এই কাজের সঙ্গে জাহের আলভী জড়িত থাকতে পারেন।

কেন আলভীর বিরুদ্ধে এমন অভিযোগ—এই প্রশ্নে সামিয়া বলেন, আলভীর ফেসবুক আইডি হ্যাক করানোর সঙ্গে জড়িত থাকার কথা আগেও শোনা গেছে। তাঁর দাবি, ইকরা ওই গ্রুপে পারিবারিক নানা সংকট ও আলভীকে ঘিরে অভিযোগের কথা লিখেছিলেন। সেসব তথ্য মুছে ফেলতেই এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

এদিকে ইকরার মৃত্যুর পর তাঁর ব্যবহৃত মুঠোফোন পল্লবী থানা পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে বলে জানিয়েছেন সামিয়া। অন্যদিকে আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামি জাহের আলভীর অবস্থান নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। রবিবার রাতে তিনি দেশে ফিরেছেন—এমন গুঞ্জন থাকলেও এখনো তাঁর অবস্থান নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, ময়নাতদন্ত শেষে গতকাল রবিবার ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাদ আসর ইকরাকে দাফন করা হয়।