27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রাম৫০ লাখ টাকার চাঁদা দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা, একজন গ্রেপ্তার

৫০ লাখ টাকার চাঁদা দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা, একজন গ্রেপ্তার

সুসংবাদ ডেস্ক

চট্টগ্রাম নগরে এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে হত্যার হুমকি ও মারধরের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে ১৯ ফেব্রুয়ারি মোহাম্মদ সিরাজ (৪৫) নামের এক ব্যক্তি চারজনের বিরুদ্ধে মামলা করেন। শনিবার বিকেলে নগরের লালখান বাজার এলাকা থেকে আহমেদ কবীর (৪৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আহমেদ কবীর, সৈয়দ মোহাম্মদ বাচ্চু (৪৩), মোহাম্মদ আবদুল মন্নান (৩৯), সৈয়দ মোহাম্মদ মাইনুল হক (৪০) ও অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

মোহাম্মদ সিরাজ অভিযোগ করেন, তিনি চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন। গত ১৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে খুলশী থানাধীন দক্ষিণ খুলশীর গরিবুল্লাহ হাউজিং সোসাইটি ডেবার পাড় এলাকার একটি ভবনের নিচতলায় আসামিরা বেআইনিভাবে প্রবেশ করে তাঁকে ঘেরাও করেন।

সিরাজ বলেন, ‘তারা আমাকে বলে, “তোর জমির ব্যবসা বর্তমানে ভালো চলছে। চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে আমাদের ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে।” আমি অপারগতা প্রকাশ করলে তারা আমাকে মারধর করে। গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং সাত দিনের মধ্যে টাকা না দিলে লাশ গুম করার হুমকি দেয়।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ও খুলশী থানার উপপরিদর্শক মাসুদ কামাল বলেন, ঘটনার পর মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার হওয়া আহমেদ কবীর নিজেকে ‘অর্থনীতি’ নামের একটি পত্রিকার সম্পাদক পরিচয় দিতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।