30 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদরাজনীতি তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতির সামনে সময়ের হিসাব

নেতৃত্বে ফেরা, না কৌশলগত চাপ—ফেরার সিদ্ধান্ত রাজনীতির ছকে বাঁধা

 তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতির সামনে সময়ের হিসাব

নিজস্ব প্রতিবেদক , সুসংবাদ

১৭ বছর আগে ঢাকায় হাতকড়া পরিয়ে তোলা হয়েছিল তারেক রহমানকে। ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য পাড়ি জমান লন্ডনে। সময়ের গায়ে গড়িয়ে গেছে এক যুগেরও বেশি। আজ সেই তারেক রহমানের দেশে ফেরার আভাসে সরগরম রাজনীতি, গুলশান অফিস, এমনকি নির্বাচনের সময়সূচি ঘিরেও জমেছে উত্তাপ। তবে প্রশ্ন একটাই—ফিরছেন কবে? আদৌ ফিরছেন তো?

পরিকল্পনার পেছনে রাজনীতি:

দলীয় একাধিক সূত্র বলছে, তারেক রহমান আগামী আগস্টের শেষ দিকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। বরং এটি হয়ে উঠেছে বিএনপির নির্বাচনী কৌশলের একটি অঙ্গ। একদিকে রাজপথের প্রস্তুতি, অন্যদিকে নিরাপত্তা ও জনসম্পৃক্ততার ব্যাপারটি দল গভীরভাবে বিবেচনা করছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তারেক রহমানের ফেরা তখনই রাজনৈতিকভাবে কার্যকর হবে, যখন তা হবে নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে বা পরে। এ সময়েই দল চায় একটি প্রতীকী ও প্রভাবশালী বার্তা দিতে।

 গুলশানে প্রস্তুতি:

বিএনপির হাইকমান্ডের আশপাশে এখন আলোচনার কেন্দ্রে ১৯৬ নম্বর গুলশান ভবন। একসময় এটি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর ভাড়ায় ছিল। এখন সেখানে পুরোদমে চলছে সংস্কারকাজ। ধারণা করা হচ্ছে, দেশে ফিরলে এখানেই থাকবেন তারেক রহমান। ভবনের নিরাপত্তা ও অভ্যন্তরীণ কাঠামো বদলে ফেলা হচ্ছে।

নেতৃত্বের বার্তা: “ফিরছেন তিনি”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, “তারেক সাহেব নিশ্চয়ই ফিরবেন, অবশ্যই ফিরবেন—শিগগিরই।”
যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব-উন-নবী খান সোহেলসহ শীর্ষ নেতারা প্রায় একই সুরে বলছেন, “তারেক রহমান ছাড়া বিএনপির পরবর্তী দিক নির্ধারণ সম্ভব নয়।”

আইনগত বাধা নেই, কিন্তু ঝুঁকি?

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন—তারেক রহমানের দেশে ফেরায় এখন আর কোনো আইনি বাধা নেই। তবে রাজনৈতিক ঝুঁকি কি নেই? সরকারবিরোধী পরিবেশে তাঁর প্রত্যাবর্তন যেন গণআন্দোলনের রূপ না নেয়, সে জন্য সরকারি মহলেও বাড়তি নজরদারি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

ফেরার ধরন: রাজকীয় না বিপ্লবী?

বিএনপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ এক বিশ্লেষক বলেন, দুটি সম্ভাবনার মধ্যে যেকোনো একটিতে ফিরবেন তারেক রহমান—
১. নির্বাচনে জয় নিশ্চিত করে রাজকীয় প্রত্যাবর্তন,
২. নির্বাচনের আগে সরকারকে চাপ দিতে কৌশলগত ফিরে আসা।

লন্ডনে তার সঙ্গে ড. ইউনূসের সাম্প্রতিক বৈঠকের পর ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আলোচনা, অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য রূপরেখা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগমন—সবকিছুই ফেরার সিদ্ধান্তকে কৌশলগত করে তুলেছে।