30 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রপতির কণ্ঠে দায়িত্ববোধের বার্তা, পিজিআরের সুবর্ণ জয়ন্তীতে শ্রদ্ধা ও অনুপ্রেরণা

রাষ্ট্রপতির কণ্ঠে দায়িত্ববোধের বার্তা, পিজিআরের সুবর্ণ জয়ন্তীতে শ্রদ্ধা ও অনুপ্রেরণা

নিজস্ব প্রতিবেদক , সুসংবাদ

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুবর্ণ জয়ন্তীর আয়োজনে ছিল রাষ্ট্রীয় মর্যাদা, সামরিক শৃঙ্খলা আর অনুপ্রেরণার এক গভীর সম্মিলন। পিজিআরের ৫০ বছর পূর্তির দিনে সোমবার সকালে এ রেজিমেন্টের সদর দপ্তরে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন শুধু আনুষ্ঠানিকতা নয়, পিজিআরের প্রতি তাঁর আস্থাও তুলে ধরেন এক দৃঢ় কণ্ঠে।

সোমবার সকাল ৯টার দিকে পিজিআর সদর দপ্তরে পৌঁছান মহামান্য রাষ্ট্রপতি। তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পিজিআর কমান্ডার। এরপর রাষ্ট্রপতি পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং সম্মাননা বইয়ে স্বাক্ষর করেন।

“আপনারা রাষ্ট্রের মর্যাদার প্রতীক”—রাষ্ট্রপতি

পরে শহিদ ক্যাপ্টেন হাফিজ হলে আয়োজিত দরবারে পিজিআরের সদস্যদের উদ্দেশে বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, “এই রেজিমেন্ট কেবল রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করে না, এটি রাষ্ট্রের মর্যাদার প্রতীক। দায়িত্ব, শৃঙ্খলা, এবং আনুগত্য—এই তিনে আপনাদের পরিচয়।”

তিনি পিজিআরের ৫ জন শহীদ সদস্যসহ মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। রাষ্ট্রপতির ভাষণে কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের পাশাপাশি ভবিষ্যতের জন্য দিকনির্দেশনাও ছিল স্পষ্ট।

রাষ্ট্রপতি বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তানদের ত্যাগকে স্মরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। পেশাদারিত্ব ও দেশপ্রেমের ঐতিহ্য ধরে রেখে আপনারা যেন প্রতিটি মুহূর্তে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন।”

সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতনদের উপস্থিতি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, সিজিএস, পিএসও, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিবসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

ইতিহাস, গর্ব আর প্রতিশ্রুতির ৫০ বছর

১৯৭৫ সালের ৫ জুলাই গঠিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির নিরাপত্তা ও গৌরবের প্রতীক হিসেবে কাজ করছে পাঁচ দশক ধরে। বিভিন্ন জাতীয় দিবস ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে পিজিআরের উপস্থিতি মানেই শৃঙ্খলা, মর্যাদা ও নিঃশব্দ প্রতিজ্ঞার বহিঃপ্রকাশ।