25.4 C
Chittagong
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদলিডসবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

সুসংবাদ ডেস্ক

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সরকারি-বেসরকারি যৌথ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষার উদ্দেশ্যে বেসরকারি খাতের সিএসআর (CSR) তহবিলের সহায়তায় ২০,০০০ রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির জানান, অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে আনুষ্ঠানিকভাবে রেইনকোট তুলে দিয়ে প্রধানমন্ত্রী এই কল্যাণমূলক কর্মসূচির সূচনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।” জনকল্যাণমুখী ও সামাজিক পদক্ষেপে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় আশ্বাস দেন তিনি।

শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-শ্রমিকদের জন্য সমন্বিত এই উদ্যোগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০,০০০, শেভরন বাংলাদেশ ৫,০০০ এবং পাণ্ডুঘর গ্রুপ ৫,০০০ রেইনকোট সরবরাহ করছে। অনুষ্ঠানে চা-শ্রমিক সন্তুকী রায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা হিসেবে চা-পাতা উপহার দেন এবং অন্যান্য শ্রমিক প্রতিনিধিরা এই সুসংহত মানবিক সহায়তার জন্য শুভকামনা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি খাতের উর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ ভবিষ্যতেও সরকারের পাশাপাশি শ্রমজীবী মানুষের সার্বিক উন্নয়নে সম্পৃক্ত থাকার প্রত্যয় প্রকাশ করেন।