27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজ‘আসিফ নজরুল এভাবে মিথ্যা বলবেন, এটা মানতে পারছি না’

‘আসিফ নজরুল এভাবে মিথ্যা বলবেন, এটা মানতে পারছি না’

সুসংবাদ ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল –এর বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে অবস্থান পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

এর আগে আসিফ নজরুল বিশ্বকাপে দল না পাঠানোর দায়ভার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও খেলোয়াড়দের ওপর চাপান বলে সমালোচনা ওঠে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল অন্তর্বর্তী সরকারের। তিনি লেখেন, জানুয়ারি মাসের শুরু থেকেই তিনি এ অবস্থানে অটল ছিলেন।

তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন সালাহউদ্দিন। আজ শুক্রবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘উনি খাঁড়ার ওপরে এরকম মিথ্যা কথা বলবেন, এটা আমি ভাবতেও পারছি না। আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাব? উনি একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ। উনি এভাবে মিথ্যা বলবেন, এটা আমি মানতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকেরা তো মিথ্যা কথা কম বলেন। এটা আমরা কীভাবে মানব? উনি কী বলে আসলেন আর কীভাবে ইউ–টার্ন নিলেন, এটা আমাদের বলার বিষয় না।’

সালাহউদ্দিন দাবি করেন, সিদ্ধান্তটি খেলোয়াড়দের মানসিকভাবে ভেঙে দেয়। তাঁর ভাষায়, ‘একটা মানুষের স্বপ্ন শেষ করে দেওয়া হয়েছে। আমার দুইজন খেলোয়াড় মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছিল। চার–পাঁচ দিন ধরে তারা যেন হারিয়ে গিয়েছিল। তাদের আবার মাঠে ফিরিয়ে আনতে পারাটাই আমার কোচিং জীবনের বড় সাফল্য।’

বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই প্রস্তাব নাকচ করে দেয় এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। ফলে প্রায় ২৮ বছর পর কোনো বিশ্বকাপ অনুষ্ঠিত হলো বাংলাদেশকে ছাড়াই।

এ বিষয়ে আসিফ নজরুলের পক্ষ থেকে নতুন করে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।