বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তব্য দেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর। তিনি বলেন, খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হিসেবে উদ্ভূত হন, যা লাখ লাখ মানুষের জানাজার অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই সভায় দেশের শীর্ষ রাজনৈতিক নেতা, কূটনীতিক, সাংবাদিক, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গবেষক, সম্পাদক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নূরুল কবীর আরও বলেন, “মানুষ ও রাজনৈতিক নেত্রী হিসেবে খালেদা জিয়ার রুচিশীলতা ও পরিমিতিবোধ আমাকে বরাবরই আকৃষ্ট করেছে। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের চাপ ও দুর্ভোগের মধ্যেও কখনও প্রকাশ্যে বেদনা, ক্ষোভ বা নিন্দা করেননি। এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অসহিষ্ণুতার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সাংবাদিক, শিক্ষাবিদ, লেখক ও গবেষকরা।
শুক্রবার বেলা আড়াইটার পর কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শোকবার্তা পাঠ ও একে একে বক্তব্য রাখেন লেখক, সাংবাদিক, সাবেক কূটনীতিক, বিশ্ববিদ্যালয় প্রশাসক, গবেষক ও বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধি। শেষ পর্যায়ে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে স্মরণসভা সমাপ্ত হয়।


