নতুন বছরের জানুয়ারির প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭০ কোটি ৩০ লাখ ডলার (১.৭০ বিলিয়ন মার্কিন ডলার)। অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ তথ্য জানান। তিনি বলেন, “গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০০ কোটি ৪০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।”
তিনি আরও জানান, শুধুমাত্র ১৪ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৩০ লাখ ডলার। চলতি অর্থবছর ২০২৫–২৬ সালের জুলাই থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১,৭৯৬ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১.৬০ শতাংশ বেশি।
এর আগে, গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয় হিসেবে রেকর্ডবদ্ধ। নভেম্বরে এই পরিমাণ ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
এদিকে, গত অর্থবছর ২০২৪–২৫ সালে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন ডলার (৩,০৩২ কোটি ৮০ লাখ ডলার), যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এক অর্থবছরে প্রবাস আয়ের রেকর্ড।
বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের মুদ্রা সরবরাহ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং সামগ্রিক অর্থনীতিতে শক্তিশালী প্রভাব ফেলছে।

