27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম-১৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন নিয়ে আপিল

ঋণখেলাপি ও নথি অসঙ্গতির অভিযোগ এলডিপি প্রার্থীর

চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন নিয়ে আপিল

মনিরুল হক মনির, বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম-১৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দীনের মনোনয়ন বৈধতা নিয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী ওমর ফারুক। আপিলে মনোনয়ন অবৈধভাবে গৃহীত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ওমর ফারুকের অভিযোগ, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ঋণখেলাপি ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারেন না। সংশ্লিষ্ট প্রার্থীর ক্ষেত্রে মনোনয়ন দাখিল ও যাচাইয়ের সময় পর্যন্ত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণসংক্রান্ত দায় নিষ্পত্তি হয়নি এবং বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে তাঁকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ করা হয়। তবুও তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় বলে আপিলে বলা হয়েছে।

আপিলে আরও বলা হয়, মনোনয়ন যাচাইয়ের দিনে ঋণ নিষ্পত্তির পূর্ণাঙ্গ নথি উপস্থাপন করা হয়নি। শেষ মুহূর্তে অন্য শাখা থেকে কিছু কাগজপত্র আনার চেষ্টা করা হলেও তা নির্বাচনী আইনের শর্ত পূরণ করে না বলে দাবি করা হয়।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রার্থীর হলফনামা ও আয়কর নথিতে অসঙ্গতির অভিযোগ তোলা হয়েছে। আয়কর রিটার্নে বিপুল অঙ্কের নগদ অর্থ দেখানো হলেও এর উৎস স্পষ্ট নয়, যা প্রচলিত আইনবিধির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে আপিলে উল্লেখ করা হয়।

আপিলে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে, যার তথ্য যাচাইয়ের সময় যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। এলডিপির দাবি, এসব অভিযোগ উপেক্ষা করলে নির্বাচনের স্বচ্ছতা ও ভোটারদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এ কারণে নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন বাতিলের আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত, এ বিষয়ে বিএনপি প্রার্থীর বক্তব্য জানা যায়নি।