চট্টগ্রামের পটিয়ায় শরৎ মহাজন হাট ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর গতকাল শুক্রবার ব্যালটের মাধ্যমে এ নির্বাচন হয়।
বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ব্যবসায়ীরা ভোট দেন। নির্বাচনে সাতটি পদের জন্য ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় গণনা হয়। পরে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা বজ্রহরি বড়ুয়া, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন।
এবারের নির্বাচনে সভাপতি পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জালাল উদ্দীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সামশুল আলম পেয়েছেন ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. ইমরান পেয়েছেন ৬৮ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী মো. ইউসুফ পেয়েছেন ৩৮ ভোট।
সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন আরিফুল ইসলাম (৬১ ভোট)। অর্থ সম্পাদক হয়েছেন মো. ফারুক (৭৬ ভোট)। সহ-সম্পাদক পদে অনিন্দ বড়ুয়া অনিল (৮৯ ভোট) এবং প্রচার সম্পাদক হয়েছেন তপন দত্ত (৬৩ ভোট)। কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, স্থানীয় বিএনপি নেতা সাইফুদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান, ইউসুফ রশিদী বেলাল, ইসমাইল মেম্বার, ফরিদুল আলমসহ ইউনিয়নের বিভিন্ন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
নির্বাচনে ৯৯.০৯ শতাংশ ভোট পড়ে। নির্বাচন শান্তিপূর্ণ করতে পটিয়া থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

