18.6 C
Chittagong
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদলিডলন্ডনে বৈঠক, দেশে বার্তা—২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় বিএনপি

লন্ডনে বৈঠক, দেশে বার্তা—২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক , সুসংবাদ

আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা চাই ২৬ ফেব্রুয়ারির মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই এ নির্বাচন হতে হবে।’ তিনি আরও বলেন, ‘অনেকে নানা ফর্মুলার কথা বলছেন। কিন্তু আমাদের লক্ষ্য একটাই—নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা।’

বিএনপি নেতার ভাষ্য অনুযায়ী, নির্বাচন দীর্ঘায়িত হলে দেশ আরও গভীর সংকটে পড়বে। তিনি বলেন, ‘নির্বাচন যত বিলম্ব হবে, ততই দেশ পিছিয়ে যাবে। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগ বন্ধ হয়ে যাবে, নারী ও শিশুদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে।’ তাঁর মতে, এই পরিস্থিতি থেকে উত্তরণে একটি মাত্র পথ—নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার।

সিলেট সফরে মির্জা ফখরুল বলেন, তিনি এই নগরীতে বহুবার এসেছেন, বিশেষ করে মহান সাধক শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর দরগায়। ‘তাঁরা অন্যায়-অবিচারের বিরুদ্ধে আলোর দিশা দিয়েছেন। আমরা সেই দিকেই ফিরে যেতে চাই।’

এ সময় তিনি নির্বাচন ইস্যুতে দেশের সব রাজনৈতিক দল ও গোষ্ঠীকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। বলেন, ‘আসুন, একটি সমাধানের দিকে এগিয়ে যাই। দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক, যা গণতন্ত্রের ভিত্তি শক্ত করবে।’