27.8 C
Chittagong
Sunday, 22 November 2026
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাসীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সুসংবাদ ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন এক এএসআই সহ আরও দুইজন।

রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছলিমপুর-ফকিরহাট অংশে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন— সীতাকুণ্ড থানার কনস্টেবল হোসাইন, মিজান ও ইস্কান্দার। এছাড়া আহত দুইজন হলেন— এএসআই সুজন শর্মা এবং আরেক কনস্টেবল (চালক)।

স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটি দুপুর সোয়া বারোটায় সলিমপুর-ফকিরহাট রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় পুলিশ ভ্যানটি রেললাইনের ওপর উঠে গেলে দ্রুতগামী ট্রেন সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, পুলিশের টহল পিকআপকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে থানার এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। একজন এসআইসহ দুই পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং বাকি দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।