সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকে সামনে রেখে চট্টগ্রাম আবাহনী লিমিটেড জুনিয়র ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয়েছে। বুধবার দুপুরে সাগরিকার চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের পরিচালক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আদিল আহমেদ কবির। সঞ্চালনা করেন ক্লাবের চিফ কো-অর্ডিনেটর (ক্রিকেটার) মেহেদী হাসান পিয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনী লিমিটেড জুনিয়র ক্রিকেট কমিটির সম্পাদক ও স্বাধীন ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী আব্দুল কাদের শহীদ, টিম ম্যানেজার ও এস জে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রুপন নন্দী এবং দলের হেড কোচ সাইদুল ইসলাম সাঈদ।
অনুষ্ঠানে জুনিয়র দলের খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন। বক্তারা তরুণ ক্রিকেটারদের সাফল্য কামনা করে বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং আবাহনী জুনিয়র দল ভালো পারফরম্যান্স উপহার দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

