রাশিয়া তথ্য শেয়ারিংয়ের ক্ষেত্রে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের ওপর ‘কিছু সীমাবদ্ধতা’ আরোপ করছে বলে ঘোষণা দিয়েছে দেশটি। রাশিয়ার অভিযোগ, জালিয়াতি ও সন্ত্রাসবাদের মামলায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় তথ্য শেয়ার করতে ব্যর্থ হয়েছে বিদেশি মালিকানাধীন এসব প্ল্যাটফর্ম। কয়েক বছর ধরে বিদেশি বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্মের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে মস্কো, বিশেষ করে কনটেন্ট ও ডেটা সংরক্ষণ নিয়ে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এই বিরোধ আরো বেড়ে যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। সমালোচকরা বলছেন, রাশিয়া তাদের দেশের ইন্টারনেট ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ আরো বাড়ানোর চেষ্টা করছে। তবে নতুন এক মেসেজিং অ্যাপ তৈরির অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেটি সরকারি সেবার সঙ্গে যুক্ত থাকবে। এভাবে নিজস্ব প্রযুক্তিকে উৎসাহ দিয়ে ও বিদেশি মালিকানাধীন প্ল্যাটফর্মের ওপর নির্ভরতা কমিয়ে এনে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ প্রতিষ্ঠা করতে চাইছে মস্কো।
সূত্র : দ্য গার্ডিয়ান

