25.4 C
Chittagong
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদতথ্য প্রযুক্তিটেকসই উন্নয়নে সমতার সুযোগ নিশ্চিত করা অপরিহার্য: তথ্যমন্ত্রী

টেকসই উন্নয়নে সমতার সুযোগ নিশ্চিত করা অপরিহার্য: তথ্যমন্ত্রী

সুসংবাদ ডেস্ক

সমাজ ও রাষ্ট্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিজ্ঞান ও ইতিহাসের শিক্ষা থেকে সমতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার পথই একটি সমাজকে দীর্ঘমেয়াদে অগ্রগতির দিকে নিয়ে যায় বলে জানান তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জার্মান আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থা (জিআইজেড) ও নরওয়ে সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইনফরমেশন ইন্টিগ্রিটি অ্যান্ড সোশ্যাল কোহেশন ইন বাংলাদেশ: পলিসি, প্ল্যাটফর্ম অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কালেক্টিভ অ্যাকশন’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম ও তথ্যের জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে তথ্যপ্রবাহের সুযোগ যেমন বেড়েছে, তেমনি তৈরি হয়েছে নতুন নতুন চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্র, গণমাধ্যম, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, বর্তমান সময়ে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি তথ্যের বিশ্বাসযোগ্যতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে তথ্যের পরিসর বিস্তৃত হলেও ভুল তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ। এসব বিষয়ে কার্যকর সমাধান খুঁজে বের করতে আন্তর্জাতিক অভিজ্ঞতার পাশাপাশি বাংলাদেশের নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে হবে।

প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের ঝুঁকি তুলে ধরে ফ্রাঙ্কেনস্টাইনের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, প্রযুক্তি যদি শেষ পর্যন্ত মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ভবিষ্যতে এমন একটি দানবীয় জগৎ তৈরি হতে পারে, যা শেষ পর্যন্ত আমাদেরই ধ্বংস করে দিতে পারে।

গণমাধ্যম ও তথ্য ব্যবস্থাকে আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি গবেষণা, নীতিনির্ধারণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ের ওপর জোর দেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ডেটা-নির্ভর যোগাযোগ ব্যবস্থাকে ইতিবাচকভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং জনগণের তথ্য পাওয়ার অধিকারকে সমন্বিতভাবে বিবেচনা করার ওপর গুরুত্ব দিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রযুক্তির সঙ্গে তাদের খাপ খাওয়ানোর সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ইউএনডিপির এই আয়োজন দেশের গণমাধ্যম খাতে সঠিক নীতি প্রণয়ন ও কর্মপরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উক্ত সংলাপে ইউএনডিপির প্রতিনিধি, গণমাধ্যম বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ সাংবাদিক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।