24.6 C
Chittagong
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটার জাহানারাকে হয়রানির দায়ে নিষিদ্ধ মঞ্জুরুল

ক্রিকেটার জাহানারাকে হয়রানির দায়ে নিষিদ্ধ মঞ্জুরুল

সুসংবাদ ডেস্ক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম–এর আনা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে দেশের ক্রিকেটে সব ধরনের সম্পৃক্ততা থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার বোর্ডের ভার্চুয়াল পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সূত্র জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের ক্রিকেট-সংক্রান্ত কোনো কার্যক্রমে যুক্ত হতে পারবেন না মঞ্জুরুল।

তদন্তে কী পাওয়া গেছে:

অস্ট্রেলিয়াপ্রবাসী জাহানারা গত নভেম্বরে এক সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। পরবর্তীতে বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির কাছে লিখিত অভিযোগও দেন তিনি।

গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তদন্ত কমিটি চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে দুটির পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পেলেও বাকি দুটি অভিযোগে অসদাচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে। কমিটির ভাষ্য অনুযায়ী, মঞ্জুরুলের কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের নির্দেশিকার আওতায় হয়রানি ও অসদাচরণের সংজ্ঞার মধ্যে পড়ে।

বোর্ডের সিদ্ধান্ত:

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিসিবি। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এ কর্মরত মঞ্জুরুল গত বছরের ৩০ জুনের পর থেকে বিসিবির কোনো দায়িত্বে ছিলেন না। শাস্তির বিষয়ে প্রতিক্রিয়া জানতে বিভিন্ন সংবাদমাধ্যম তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

বাংলাদেশের ক্রিকেটে নারী খেলোয়াড়দের নিরাপত্তা ও পেশাদার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।